র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম নির্ধারণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে র্যাব নতুন নামেই পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হওয়ার পরই এসআইএফ নামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক প্রস্তুতের কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত দেড় বছরে র্যাবের কাজের মানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত ভালোভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কারণ নেই। নির্বাচন হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর।