শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

ঢাকা প্রেস ডেস্ক:
 

ন্যায়বিচার নিশ্চিত করতে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রত্যর্পণের মাধ্যমে দণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে সরকার। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 

শেখ হাসিনার বাংলাদেশ বিমানে করে দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। তবে তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটি সরকারের কাছে মুখ্য বিষয় নয়। সরকার তাকে যেভাবে প্রত্যর্পণ করতে চায়, সেভাবেই তাকে ফেরত চায়।
 

তিনি বলেন, ‘তাকে আমাদের কাছে প্রত্যর্পণ করা হবে। তিনি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন মানুষ, মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তার মৃত্যুদণ্ড কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। তিনি যেখানে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের (ভারত) কাছে আমাদের আবেদন জানিয়েছি, তাকে যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়।’
 

প্রত্যর্পণের পর শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে আনা হবে, সে বিষয়ে উপদেষ্টা বলেন, তাকে হস্তান্তরের সিদ্ধান্ত হলে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি ভারতের কোনো বিমানে করে আনা হবে, তা পরবর্তী সময়ে আলোচনা করে নির্ধারণ করা হবে। এ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে নয়, ভারতের সঙ্গেই আলোচনা হবে।
 

এ সময় শেখ হাসিনাকে এখনো ভারতের কেউ কেউ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছেন—এ প্রসঙ্গেও মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘ভাগ্যিস বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে। আমি দেখেছি, ভারতের কেউ কেউ বলেন যে উনি নাকি এখনো প্রধানমন্ত্রী। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি, উনি তাও চান কি না জানি না। জোকস অ্যাপার্ট। আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই।’
 

উল্লেখ্য, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য ভারতের রাজধানী দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।