বদরুর রহমান বাবর, সিলেট প্রতিনিধি:
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন Tarique Rahman।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ক্রীড়া পরিদপ্তরের বাস্তবায়নে এ উদ্যোগটি নেওয়া হয়েছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করাই এর মূল লক্ষ্য।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে সুপ্ত ক্রীড়া প্রতিভা শনাক্ত করে জাতীয় পর্যায়ে উন্নীত করার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট থাকবে।
অনলাইন নিবন্ধনে সাড়া ফেলেছে এ কর্মসূচি। ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিবন্ধনে অংশ নেয় ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন শিশু-কিশোর। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন ছেলে এবং ৪৪ হাজার ১৩৩ জন মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এই ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণদের সুস্থ জীবনধারায় উৎসাহিত করবে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে কর্মসূচির সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, খেলাধুলা এখন একটি পেশা হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং নতুন কুঁড়ি স্পোর্টস দেশের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।