সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে উপজেলার ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনের নবম শ্রেণির শিক্ষার্থী। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। রোববার স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে চার বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। নৌ ফাঁড়ির পক্ষ থেকেও তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।