দেশের রপ্তানিমুখী শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে কুমিল্লা ইপিজেড। জুতা ও জুতার আনুষঙ্গিক পণ্য উৎপাদনে প্রায় ৫৩ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন একটি যৌথ প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বেপজা সূত্রে জানা গেছে, নতুন এই শিল্পপ্রতিষ্ঠানে ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিইউ জুতা উৎপাদন করা হবে। কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ৫০০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মি. জিয়া রুইহং চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
চুক্তি অনুযায়ী, কারখানাটি বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউটসোল, ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের জুতা শিল্পের কাঁচামালের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে বাংলাদেশের জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগ দেশের রপ্তানি বহুমুখীকরণ এবং স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে জুতা শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল দেশে উৎপাদিত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ইপিজেডে বিনিয়োগকারীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনায় বেপজা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।