কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংক আয়োজিত ২৫তম ‘ও’ ও ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী এবং পিএইচপি ফ্যামিলির অন্যতম সদস্য নুমায়ের মিজান আমির।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘Saluting the Nation Builders of Tomorrow’ (আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন)।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, বাংলাদেশে আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ শিক্ষা, ব্যাংকিং ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১২১টি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ‘ও’ লেভেল এবং ৬১৭ জন ‘এ’ লেভেলের শিক্ষার্থী। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘ও’ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং ‘এ’ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, উপস্থিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। তিনি আশা প্রকাশ করে বলেন, তাদের অর্জন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং তারা দেশের সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমৃদ্ধ করবে। বক্তব্য শেষে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পৃথিবীর যেখানেই তারা অবস্থান করুক না কেন, দেশের উন্নয়নে অবদান রাখার দায়িত্ব তাদের রয়েছে। তিনি বলেন, গত ২৫ বছর ধরে এ সম্মাননা প্রদান কর্মসূচির মাধ্যমে এমন অনেক শিক্ষার্থীকে দেখা গেছে, যারা বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পাশাপাশি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হওয়ার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং নুমায়ের মিজান আমিরের পিতা আমির হোসেন সোহেল।
সম্মাননা গ্রহণের পর নুমায়ের মিজান আমির বলেন, “এ সম্মানজনক স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই এবং দেশের সেবায় নিজের সর্বোচ্চটা দিতে চাই। পাশাপাশি পিএইচপি ফ্যামিলিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েও কাজ করতে চাই।”
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, পরিবার-পরিজন, বন্ধু ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।