জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আপ বাংলাদেশের দুই শীর্ষ নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত ও শাহরিজ সুলতানা ইরা।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক রিফাত রশীদ এবং এবি পার্টি থেকে ব্যারিস্টার সানি আব্দুল হকও এনসিপিতে যোগ দিয়েছেন।
রোববার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে।
এনসিপিতে আরও যোগ দিয়েছেন, রিফাত রশীদ, আয়মান রাহাত, শাহাদাত হোসেন, সানি আব্দুল হক, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরও অনেকে।
এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের নাম লিখিত আকারে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, কে আগে কোন দল বা সংগঠন করে এসেছে দেখার বিষয় না। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ ইভেন ছাত্রলীগ হোক; আজকে থেকে যে এনসিপিতে এসেছে, সে এনসিপির হয়ে কাজ করবে। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ-এইসব ব্যক্তিরা এনসিপিতে আসতে পারবে না, থাকতে পারবে না।
তিনি আরও বলেন, যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণা করে আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগাতে চাই।