দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সমাজে বিতর্কিত হিসেবে চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে রাজনীতি না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুরাদনগর উপজেলার কামাল্লা হাইস্কুল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
পথসভায় কায়কোবাদ বলেন, “যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সমাজে খারাপ হিসেবে পরিচিত, তাদের দলে কোনো স্থান হবে না। তাদের সঙ্গে আমি রাজনীতি করবো না, এমনকি ব্যক্তিগত সম্পর্কও রাখবো না।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একসময় কেউ ভাবেনি এই জালিম সরকার এভাবে বিতাড়িত হবে। আমিও কল্পনা করিনি সম্মানের সঙ্গে দেশে ফিরে নির্বাচন করার সুযোগ পাবো। আমি বিশ্বাস করি, জনগণের দোয়া ও ভালোবাসার কারণেই আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমার আর কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। জনগণের ভালোবাসা ও সমর্থনেই আমি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আবার এমপি নির্বাচিত হলে মুরাদনগর কোনো ব্যক্তি বা নেতার কথায় চলবে না—মুরাদনগর চলবে জনগণের কথায়। জনগণের সঙ্গে আলোচনা করেই সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।”
সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার করে কায়কোবাদ বলেন, “সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক ও ভালো মানুষদের নিয়েই আমি রাজনীতি করবো। অসৎ ও চাঁদাবাজদের দলে কোনো জায়গা থাকবে না।”
গত ১৭ বছরের উন্নয়ন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “এই সময়ে মুরাদনগরে উল্লেখযোগ্য ও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিএনপি সরকারের আমলে নির্মিত সড়কগুলোরও যথাযথ সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে মুরাদনগরবাসী জেল-জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও মাদকের অভয়ারণ্যের মধ্যে বসবাস করেছে।”
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের সভাপতিত্বে এবং জসিম উদ্দিন চৌধুরী ও তোফাজ্জল হোসেন লিটনের যৌথ সঞ্চালনায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপুল জনসমাগমে একপর্যায়ে পথসভাটি জনসভায় রূপ নেয়। এ সময় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের উল্লেখযোগ্য উপস্থিতিও চোখে পড়ে।