প্রেম, কষ্ট ও স্বপ্নের গল্পে আসছে ‘নাকফুলের কাব্য’: পূজা চেরি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০৭:১৫ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
প্রেম, কষ্ট ও স্বপ্নের গল্পে আসছে ‘নাকফুলের কাব্য’: পূজা চেরি

বিনোদন প্রতিবেদক

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’ এখনো দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। গত ঈদুল ফিতর-এ মুক্তি পাওয়া এই সিনেমায় ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরই মধ্যে তার নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’-এর মুক্তির ঘোষণা এসেছে।

 


 

শনিবার দুপুরে সিনেমাটির পোস্টার উন্মোচন করে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পাবে ‘নাকফুলের কাব্য’। এতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।
 

আলোক হাসান পরিচালিত এবং ফেরারী ফরহাদ-এর গল্প ও সংলাপে নির্মিত এ সিনেমায় সমাজের বাধা উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে।

 


 

সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, “এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন—সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেদের খুঁজে পাবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে বলে আমি বিশ্বাস করি।”
 

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, “বেঙ্গল মাল্টিমিডিয়া সবসময় নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন গল্প বলতে চাই যা আমাদের সংস্কৃতি ও আবেগকে ধারণ করে। ‘নাকফুলের কাব্য’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।”
 

রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও আলীরাজসহ অনেকে।
 

এদিকে একই উৎসবে মুক্তির তালিকায় রয়েছে পূজা চেরি অভিনীত আরেকটি সিনেমা ‘মাসুদ রানা’। এতে তাকে দেখা যাবে একজন অ্যাকশনধর্মী চরিত্রে। চরিত্রটি নিয়ে পূজা জানান, নিজেকে প্রস্তুত করতে তিনি নিয়মিত ফাইট প্র্যাকটিস করছেন এবং ভিন্নধর্মী এক রূপে দর্শকের সামনে হাজির হবেন।
 

জানা গেছে, ‘মাসুদ রানা’ সিনেমার বেশিরভাগ শুটিং প্রায় পাঁচ বছর আগে শেষ হলেও কিছু অংশ বাকি ছিল। সম্প্রতি সেই অসমাপ্ত কাজ পুনরায় শুরু হয়েছে এবং শিগগিরই সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।