চারঘাটে আলহাজ এম. এ হাদী ডিগ্রি কলেজে সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত— এমপি আবু সাইদ চাঁদ বলেন— ‘জামায়াতে ইসলামী ১৯৭১ সালের স্বাধীনতাকে বিশ্বাস করে না’
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ এম. এ হাদী ডিগ্রি কলেজে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ বলেন, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুধীজন এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ শিক্ষার গুরুত্ব ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় শিক্ষাক্ষেত্রে নকল প্রবণতা বৃদ্ধি পেয়েছিল, তবে বর্তমান সরকার নকলমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কলেজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।