রাজশাহী ব্যুরো
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আক্কাস আলী খলিফা চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে নেমে আসে এবং বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তেজিত জনতা দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখে এবং পুলিশকে ঘটনাস্থলে প্রবেশে বাধা দেয়।
এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন সাংবাদিকরাও। এ সময় এক সাংবাদিকের ওপর হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে বাধার সম্মুখীন হলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ট্রাক দুটির অগ্নিকাণ্ড নিভিয়ে ফেলেন।