কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার সকাল থেকে শুরু হওয়া গণনায় দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা পাওয়া গেছে। গণনা শেষে এসব অর্থ মসজিদের নামে রূপালী ব্যাংকের হিসাবে জমা দেওয়া হচ্ছে।
শনিবার রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আহাম্মদ আলী হারেছি এ তথ্য নিশ্চিত করেছেন।
মসজিদ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী, মসজিদ কর্তৃপক্ষ ও ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে টাকা গণনার কাজ শুরু হয়।
সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি দিন দিন বাড়ছে। এ কারণে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে মানতের টাকা ও স্বর্ণালংকার পাঠাচ্ছেন। মসজিদ কমপ্লেক্সের একটি আধুনিক নকশা প্রায় চূড়ান্ত হয়েছে। শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।
গণনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথমে প্রাপ্ত টাকাগুলো মূল্যমান অনুযায়ী আলাদা করা হচ্ছে। এরপর রূপালী ব্যাংকের ইলেকট্রনিক টাকা গণনার যন্ত্রের মাধ্যমে সেগুলো গণনা করে বান্ডেল করা হচ্ছে।
এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সেবার গণনা শেষে মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রুপার অলংকারও পাওয়া গিয়েছিল। তখন প্রায় সাত মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছিল।
এবার নির্ধারিত সময়ের আগেই ১৩টি দানবাক্স পূর্ণ হয়ে যাওয়ায় অতিরিক্ত দুটি ট্রাঙ্ক বসানো হয়। সব মিলিয়ে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, যা আগেরবারের তুলনায় আট বস্তা বেশি।
পাগলা মসজিদে দেশ-বিদেশের মানুষের দান ও মানতের অর্থ জমা দেওয়ার এই ঘটনা আবারও মসজিদটির ব্যাপক জনপ্রিয়তা এবং মানুষের ধর্মীয় আবেগ ও আস্থার বিষয়টি তুলে ধরেছে।