নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে, এ দুই মহানগরীর বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন।
এ ছাড়া, প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের পর সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে তা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।