এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৬ ০৫:০৬ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

ঢাকা প্রেস প্রতিবেদক:



আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, মূল্যবৃদ্ধি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

তবে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
 

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
 

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। তবে নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে বিষয়টি কঠোরভাবে নজরদারি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
 

তিনি বলেন, বাজারে অনিয়ম, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধভাবে মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অনিয়ম বন্ধে মাঠ প্রশাসনের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির ঘটনায় জরিমানার কার্যক্রমও জোরদার করা হয়েছে।
 

ভিজিএফের চাল ১০ কেজি থেকে ২০ কেজি

মূল্যস্ফীতি ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসহায়তার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 

তথ্য উপদেষ্টা জানান, এতদিন ভিজিএফের আওতায় একজন উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া হলেও এখন থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
 

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের পরিবর্তে এখন থেকে ২০ কেজি চাল দেওয়া হবে।’
 

সরকারের এ সিদ্ধান্তের ফলে মূল্যস্ফীতির চাপে থাকা নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্যসহায়তা আরও বাড়বে বলে জানান তিনি।
 

রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি

ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতির বিষয়েও তথ্য দেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, গত ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি এসে পৌঁছেছে।
 

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।