এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ   |   ৬৯ বার পঠিত
এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিয়েছেন তিনি।

রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের আটটি ক্যাটাগরি হলো- বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

সাত দিনব্যাপী এ মেলার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা নিজেদের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন।