নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই ‘আনচ্যালেঞ্জড’ থাকতে দেওয়া হবে না এবং সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাগুরার আসিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে। “এ ধরনের অপরাধ কোনোভাবেই চ্যালেঞ্জ ছাড়া যেতে দেওয়া হবে না,” বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সমাজে বিচার ব্যবস্থার ওপর আস্থা বৃদ্ধি পায়। একই সঙ্গে এই মামলাকে ‘ফাস্ট ট্র্যাক’ ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি সতর্ক করে বলেন, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত না হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে। তাই বিচার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এছাড়া আইনমন্ত্রী জানান, ধর্ষণ মামলার প্রত্যাহার এখন থেকে আর বিবেচনায় নেওয়া হবে না—এ বিষয়ে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।
রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, এটি সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত বিষয় হলেও সরকার দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানাতে পারে।
সবশেষে তিনি বলেন, রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার, যাতে ভুক্তভোগীর পরিবারের প্রশ্নেরও যথাযথ জবাব দেওয়া যায়।