পটিয়ায় লিটল জুয়েলস চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
পটিয়ায় লিটল জুয়েলস চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :

 

চট্টগ্রামের পটিয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লিটল জুয়েলস চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পটিয়া বাসস্টেশনসংলগ্ন বৈলতলী রোডের সালাম আর্কেডিয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা আলিফা ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার ধর। প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, বায়তুল কোরআন হিফয মাদ্রাসার পরিচালক আলহাজ রফিক বিন হোসাইন এবং পটিয়া অংকুর স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ জাহেদুল হক।
 

এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা বিশ্বাস, তাসনুবা সুলতানা নিপুণ, লুৎফুর নেছা নাঈমা, ইয়াসমিন আক্তার, ইন্নাত সুলতানা সাদিয়া ও সামিয়া সুলতানা ইস্পা এবং অভিভাবক প্রতিনিধি রেহেনা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুরা ভবিষ্যতে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন একটি অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছে। এই বিদায় কোনো সম্পর্কের সমাপ্তি নয়; বরং জ্ঞান, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার নতুন যাত্রার সূচনা। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন।
 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কেক কাটা, স্মৃতিচারণ, শুভেচ্ছা উপহার প্রদানসহ নানা আয়োজনে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। বিশেষ আকর্ষণ হিসেবে মিকি মাউস ও মিনি মাউসের উপস্থিতি শিশুদের আনন্দ-উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে।
 

শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তাদের সুন্দর ভবিষ্যৎ, শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।