গ্ল্যামার, ফিটনেস ও অ্যাকশনধর্মী অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন দিশা পাটানি। একের পর এক বাণিজ্যিক সফল সিনেমায় অভিনয়ের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। অ্যাকশন-থ্রিলারধর্মী আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ‘দ্য পোর্টাল অব ফোর্স’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা দিশা পরে বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে M.S. Dhoni: The Untold Story সিনেমায় অভিনয়ের পর দর্শকদের নজরে আসেন তিনি। এরপর Baaghi 2, Malang এবং Ek Villain Returns-এর মতো ছবিতে অভিনয় করে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
জানা গেছে, নতুন আন্তর্জাতিক প্রজেক্টে দিশা ‘জেসিকা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ইতোমধ্যে প্রকাশিত ট্রেলারে তাঁকে আরও আত্মবিশ্বাসী ও পরিণত চরিত্রে দেখা গেছে। গ্ল্যামারের পাশাপাশি তাঁর অ্যাকশন পারফরম্যান্সও দর্শকদের নজর কেড়েছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন লুক ও অভিনয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
হলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে দিশা বলেন, এটি শুধু নতুন একটি প্রজেক্ট নয়, বরং নিজের সীমা অতিক্রম করার সুযোগ। তাঁর ভাষায়, গল্প বলার কোনো নির্দিষ্ট ভাষা বা দেশের সীমারেখা নেই; পর্দায় সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, আন্তর্জাতিক সেটে কাজের অভিজ্ঞতা তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।
প্রথম আন্তর্জাতিক কাজ নিয়ে ভয় ও চাপ ছিল বলেও স্বীকার করেছেন এই অভিনেত্রী। নতুন পরিবেশ, নতুন সহশিল্পী ও ভিন্নধর্মী কাজের অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলে জানান তিনি। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি ও চরিত্র নির্মাণের প্রক্রিয়া তাঁর কাছে ছিল ভিন্ন অভিজ্ঞতা।
বিশ্লেষকদের মতে, অ্যাকশনধর্মী চরিত্রে দিশার আগ্রহ ও শারীরিক প্রস্তুতি তাঁকে আন্তর্জাতিক প্রজেক্টের জন্য উপযুক্ত করে তুলেছে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে বলিউড অভিনেত্রীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে দিশা পাটানির নামও।