রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকার মন্দিরাছড়ায় দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির সময় কস্মিকা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত কস্মিকা ত্রিপুরা মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার বাসিন্দা উলেন্দ্র ত্রিপুরা ও মনিকা ত্রিপুরার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরাছড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় কস্মিকা বাড়ির ভেতরে অবস্থান করছিল। হঠাৎ একটি গুলি এসে তার বাম হাতে লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাচালং বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও গুলি বের করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জৌপৈই থাং ত্রিপুরা জানান, বাড়িতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শিশুটি আহত হয়েছে। পরে তাকে মাচালং বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ওই এলাকায় গেছেন। তবে স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি। তারা শুধু জানিয়েছেন, আহত শিশুটিকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির বিষয়ে জেএসএস ও ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শিশুটির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘাতের কারণে পাহাড়ের সাধারণ মানুষের জীবন ক্রমাগত ঝুঁকির মধ্যে পড়ছে। নিজ বাড়িতে অবস্থানরত একটি শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে পাহাড়ে সশস্ত্র সহিংসতা বন্ধ, কস্মিকা ত্রিপুরার প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত এবং পার্বত্যাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।