নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তির ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী শ্রী রুপচাঁদ রবিদাস বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার সন্তোষপাড়া মৌজায় অবস্থিত বিষহরি মন্দিরের দেবোত্তর সম্পত্তির জমিতে দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা চাষাবাদ করে আসছেন। জমিটির মালিকানা নিয়ে আদালতে মামলা (নং-২১২/২০০৮) চলমান থাকলেও অভিযুক্তরা তা জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে দাবি করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ২৫ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে মো. মোমিনুল ইসলাম (৪০), মো. মামুন ইসলাম (৫০) ও মো. আনোয়ার হোসেন (৬০)সহ অজ্ঞাত কয়েকজন লাঠিসোটা ও বিষ স্প্রে করার সরঞ্জাম নিয়ে জমিতে প্রবেশ করে। তারা প্রায় ৪৫ শতাংশ জমির ধানে বিষ প্রয়োগ করে, এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়। পরবর্তীতে ২৭ এপ্রিল রাতেও একই কায়দায় আরও ৩০ শতাংশ জমির ধানে বিষ প্রয়োগ করা হয়, যার ক্ষতির পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা।
শ্রী রুপচাঁদ রবিদাস বলেন, খবর পেয়ে জমিতে গেলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, মন্দিরের উন্নয়ন কার্যক্রমের প্রধান উৎস এই জমির ফসল, যা পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শুশিল রবিদাস, ফুলবাবু রবিদাস ও বাবু রবিদাসসহ স্থানীয়রা জানান, রাতের আঁধারে এ ধরনের ঘটনার কারণে মন্দির কমিটি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানা সূত্রে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।