আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন উপলক্ষে ঈদে আজম উদযাপন করেছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলশন পটিয়া উপজেলা শাখা। এ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) পটিয়ায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সালাতু সালাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠন দুটির পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি পটিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের পটিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদুল আলম খোরশেদ। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নাঈম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মহসিন, হাফেজ ফরিদুল আলম, এম এ রহিম, মাওলানা নজরুল ইসলাম, কুতুব উদ্দিন, আবুল কালাম, নাফিজ নিজাম, ফারুক আজম, কুতুব উদ্দিন কায়েস, গোলাম সরওয়ার, আবু কায়ছার, আহসানুল হক চৌধুরী মুরাদ, মীর সুজন ও আবদুল মালেকসহ পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক ও শিক্ষাবিদরা।
সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহর সর্বোচ্চ রহমত হিসেবে সমগ্র মানবজাতির জন্য সত্যের আলো, মুক্তির উৎস এবং কল্যাণের পথপ্রদর্শক হিসেবে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে শুভাগমন মানবজাতির জন্য পরম নিয়ামত। তাঁর শুভাগমন উপলক্ষে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ আনন্দ ও উৎসবই ‘ঈদে আজম’ বলে তারা উল্লেখ করেন।
পরে দেশ, জাতি ও সমগ্র মানবতার শান্তি, কল্যাণ ও মুক্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।