নিউজ ডেস্ক, ঢাকা প্রেস
রাজধানীতে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনা সভায় প্রাথমিকের প্রায় ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে সৃষ্ট জটিলতার কারণ তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (২২ এপ্রিল) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ ‘শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।
প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন মামলার কারণে প্রায় ছয় হাজার শিক্ষকের চাকরি স্থগিত রয়েছে। এছাড়া আরেকটি মামলার জেরে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষকের নিয়োগও আটকে আছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া নতুন ১৪ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা থাকায় যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় তাদেরও চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া যাচ্ছে না।
তিনি বলেন, নিয়োগপ্রাপ্তদের দক্ষতা উন্নয়ন এবং প্রক্রিয়াগুলো পুনর্গঠনের কাজ চলছে। শিক্ষক নীতিমালা নিয়ে বিভিন্ন আলোচনা হলেও এটি এখনও সমন্বিতভাবে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ববি হাজ্জাজ আরও বলেন, এ সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় ও সহযোগিতা জরুরি। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে একটি সমন্বিত ও কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে চার লাখের বেশি শিক্ষক রয়েছেন, যারা বড় একটি অংশীজন। তাদের মতামত ও সম্মতির ভিত্তিতে নীতিমালা বাস্তবায়ন না হলে অস্থিরতা তৈরি হতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।