কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা, ১২ ঘণ্টায় দুইজন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ণ   |   ৫৪ বার পঠিত
কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা, ১২ ঘণ্টায় দুইজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাহবুবুল আলম ওরফে মাসুম (৩২) নামে এক চালককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
 

রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
 

তিনি জানান, জেলার মুরাদনগর উপজেলার নবীপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহবুবুল আলম মাসুম গত ১৯ জুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত ১০টার দিকে তিনি শেষবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে কোম্পানীগঞ্জ যাওয়ার কথা জানান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
 

পরদিন বাঙ্গরা বাজার থানার ধরেরপাড় এলাকার একটি ঝোপ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 

পুলিশ সুপার বলেন, ঘটনাটি শুরুতে ‘ক্লু-লেস’ মনে হলেও তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান শুরু করা হয়। তদন্তে জানা যায়, কোম্পানীগঞ্জ এলাকায় দুই ব্যক্তি একটি সন্দেহজনক অটোরিকশা বিক্রির চেষ্টা করছিল।
 

এরপর বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে নাঈম ইসলাম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগী হিসেবে আরমান সরকার (২০)-এর নাম প্রকাশ করে।
 

পরে অভিযান চালিয়ে আরমান সরকারকেও গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, জেলা ডিবির ওসি শামসুল আলম শাহ এবং বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।