টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৬ ০৮:০৬ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফ মিয়ার বাড়িতে রানা প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে বাড়ির ম্যানেজারসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন ভাড়াটিয়া তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
 

পরিবারের দাবি, দীর্ঘ সময় মারধরের পর সকাল সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানাকে ফেলে রাখা হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের ছেলে জনি অভিযোগ করে বলেন, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর হানিফ নামে এক ব্যক্তি তার মাকে ফোন করে জানান, রানা দুটি মোবাইল ফোন চুরি করেছেন। তাকে ছাড়িয়ে আনতে ৫০ হাজার টাকা লাগবে বলেও জানানো হয়। পরে তারা সেখানে গিয়ে রানাকে আহত অবস্থায় দেখতে পান। তার অভিযোগ, মারধরের পর রানাকে বাড়ির ছাদ থেকে নামিয়ে মাঠে ফেলে রাখা হয়।
 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।