জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০১:৩১ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

 

আজ সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

 

তিনি জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

 

প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি ব্লকে পুরুষের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, মুসল্লিদের সুবিধার্থে অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আলাদা প্রবেশ ও প্রস্থান গেট রাখা হয়েছে। 

 

এ ছাড়া নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক ও আলাদা প্রবেশপথের ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান মো. আব্দুস সালাম। 

 

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন