সালমানের অসমাপ্ত সিনেমা বিনা পারিশ্রমিকে শেষ করতে চেয়েছিলেন আমিন খান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৮ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
সালমানের অসমাপ্ত সিনেমা বিনা পারিশ্রমিকে শেষ করতে চেয়েছিলেন আমিন খান

বিনোদন ডেস্ক


 

চিত্রনায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেছিল গভীর শূন্যতা। প্রিয় সহকর্মীর মৃত্যুর পর তার অসমাপ্ত সিনেমাগুলো শেষ করতে বিনা পারিশ্রমিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে এ কথা জানান তিনি।
 

আমিন খান বলেন, সালমান শাহ যেদিন মারা যান, সেদিন তিনি এফডিসিতে ছিলেন। সেদিন প্রযোজক ও পরিচালকদের কান্না এবং অসহায়ত্ব তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
 

তিনি জানান, সেই পরিস্থিতি থেকেই সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করার চিন্তা তার মনে আসে। গল্পের কাঠামো পরিবর্তন করে যেখানে সম্ভব, সেখানে সালমানকে কেন্দ্র করেই কাজগুলো শেষ করার ইচ্ছা ছিল তার। এতে সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকরাও আর্থিকভাবে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেছিলেন তিনি।
 

আমিন খান বলেন, বন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে পারলে হয়তো তার আত্মাও শান্তি পেত। সিনেমাগুলোর সঙ্গে জড়িত মানুষদের কষ্ট কিছুটা কমানোও তার এই উদ্যোগের অন্যতম কারণ ছিল।
 

সালমান শাহর সঙ্গে একসঙ্গে সিনেমায় কাজের সুযোগ বেশি না হলেও ব্যক্তিগতভাবে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানান আমিন খান। একসঙ্গে গল্প করা, চলাফেরা ও বন্ধুত্বের স্মৃতিও তুলে ধরেন তিনি।
 

সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলোর মধ্যে শেষ পর্যন্ত ‘স্বপ্নের নায়ক’ সিনেমায় কাজ করার সুযোগ হয় আমিন খানের। তার ভাষ্য, গল্পে পরিবর্তন এনে কাজটি সম্পন্ন করার সুযোগ থাকায় ওই সিনেমাতেই তিনি যুক্ত হতে পেরেছিলেন। অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে গল্পের কারণে একইভাবে কাজ করা সম্ভব হয়নি।
 

সালমান শাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমিন খান বলেন, ‘বন্ধু ভালো থাকুক, এটাই চাই সব সময়।’