
খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জুম্ম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর টাউন হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল কান্তি চাকমা।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ চাকমা। পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা-এর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিজেএসএসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ক ও বাসদ চট্টগ্রামের সাবেক সভাপতি আল কাদেরী জয়, চট্টগ্রাম ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শুভ দেবনাথ, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগদীশ চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরী।
এ সময় পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমা-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে জুম্ম ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহাল এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী সংগঠন ও যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।