‘পিএইচপি কুরআনের আলো’য় চ্যাম্পিয়ন হাফেজ মুনতাহা, বিজয়ীদের জন্য অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৬ ০৯:১৪ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
‘পিএইচপি কুরআনের আলো’য় চ্যাম্পিয়ন হাফেজ মুনতাহা, বিজয়ীদের জন্য অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:


দেশের জনপ্রিয় টেলিভিশনভিত্তিক ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন নেত্রকোনার প্রতিযোগী হাফেজ আবদুল্লাহ সাইফ মুনতাহা।

কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মূল স্পনসর ছিল পিএইচপি ফ্যামিলি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা সফলভাবে ১৮তম আসর সম্পন্ন করলো।

আয়োজকরা জানান, এবারের আসরে সারাদেশ থেকে প্রায় ২৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। কয়েক ধাপের বাছাই শেষে ৩৬ জন প্রতিযোগী নিয়ে পহেলা রমজান থেকে টেলিভিশন রাউন্ড শুরু হয়। ২৬টি পর্ব অতিক্রম করে সেরা ৬ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।

বিচারকদের রায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন নরসিংদীর হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক এবং তৃতীয় স্থান অধিকার করেন কুমিল্লার হাফেজ জুনায়েদ খান।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৪ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ২ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া চতুর্থ স্থান অধিকারী পান ১ লাখ টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী পান ৫০ হাজার টাকা করে। পাশাপাশি প্রথম তিনজন বিজয়ীকে উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়।

কুরআনের আলো ফাউন্ডেশনের মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এছাড়া পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহসিন, এডিশনাল ডিআইজি নাজিমুল হক, সেভয় আইসক্রিমের চেয়ারম্যান নিয়াজ আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা কুরআনভিত্তিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, এসব প্রতিযোগী ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের সুনাম বয়ে আনবে।