বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা দেবদাস-এর শুটিং চলাকালে চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবুও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে তিনি অংশ নিয়েছিলেন সিনেমাটির জনপ্রিয় গান ‘দোলা রে দোলা’র দীর্ঘ শুটিংয়ে।
সম্প্রতি গানটির শুটিং ঘিরে নতুন কিছু তথ্য সামনে এসেছে। জানা যায়, প্রায় ১৭ দিন ধরে চলে ‘দোলা রে দোলা’ গানের শুটিং। এর আগে প্রায় এক মাস আলাদা করে রিহার্সালও করতে হয়েছিল শিল্পীদের।
গানটিতে মাধুরীর সঙ্গে পারফর্ম করেন ঐশ্বরিয়া রায়। সিনেমাটি পরিচালনা করেন সঞ্জয় লীলা বানসালি। বিশাল সেট, জমকালো পোশাক ও জটিল নৃত্য পরিবেশনার কারণে গানটি এখনও বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যসংখ্যা হিসেবে বিবেচিত হয়।
বলিউড ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খান-এর দীর্ঘদিনের সহকারী রুবিনা খান জানান, শুটিংয়ের সময় মাধুরীর জ্বরও ছিল। গানের একটি কঠিন দৃশ্যে তাকে ঘুরে বসে পড়ার স্টেপ করতে হতো। অন্তঃসত্ত্বা অবস্থায় বারবার মাথা ঘুরলেও তিনি কখনও স্টেপ পরিবর্তনের অনুরোধ করেননি কিংবা অভিযোগও করেননি।
শুধু মাধুরীই নন, অসুস্থ ছিলেন কোরিওগ্রাফার সরোজ খানও। পরিচালক সঞ্জয় লীলা বানসালি এক সাক্ষাৎকারে জানান, শারীরিক কষ্টের মধ্যেও মেঝেতে শুয়ে শুয়ে শিল্পীদের নির্দেশনা দিতেন তিনি।
স্মৃতিচারণ করে বানসালি আরও বলেন, ‘দেবদাস’ মুক্তির দিন হাসপাতালে ভর্তি ছিলেন সরোজ খান। আধা-চেতন অবস্থাতেও তিনি জানতে চেয়েছিলেন, ‘দোলা রে দোলা’ গানে দর্শকরা টাকা ছুড়েছে কি না।
বলিউডে গানটির পেছনের এই পরিশ্রম, শারীরিক কষ্ট ও পেশাদারিত্বকে এখনও একটি মাইলফলক হিসেবে দেখা হয়।
এদিকে দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও নাচের দক্ষতায় এখনও সমানভাবে জনপ্রিয় মাধুরী দীক্ষিত। আগামী ৪ জুন তার ৫৯তম জন্মদিন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব সিনেমা ‘মা-বেহেন’।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য ওয়াল