গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান। এ সময় শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে জেলা প্রশাসক ফিতা কেটে চাকরি মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী ১১টি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চাকরিপ্রত্যাশী গ্রাজুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক বলেন, বেকারত্ব কমাতে বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় এসেট প্রকল্পের আওতায় এ ধরনের আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করছে এবং দক্ষতা যাচাইয়ের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি করবে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।