নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উন্নয়ন প্রচারে সক্রিয় পিরোজপুর জেলা তথ্য অফিস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উন্নয়ন প্রচারে সক্রিয় পিরোজপুর জেলা তথ্য অফিস

পিরোজপুর প্রতিনিধি:



সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার-প্রচারণায় মাঠপর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পিরোজপুর জেলা তথ্য অফিস। বিগত তিন মাসে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দপ্তরটি শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষি কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক মেগা প্রকল্পের অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়।

 

মঙ্গলবার (২০ মে ২০২৬) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দীন আল মাদানী।
 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গত তিন মাসে জেলা তথ্য অফিস ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। এ সময়ে ১১টি উঠান বৈঠক বা কমিউনিটি সভা, দুটি নারী সমাবেশ, একটি ফ্যামিলি সমাবেশ, একটি কৃষক সমাবেশ, একটি প্রেস ব্রিফিং এবং একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
 

এছাড়াও গ্রামীণ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ১০টি প্রামাণ্যচিত্র লাইভ প্রচার, ৮০টি চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী এবং ৫০টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি ক্ষেত্রেই নির্ধারিত শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
 

ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের স্থানীয় অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়। জানানো হয়, দরিদ্র নারীদের আর্থিক সহায়তা কর্মসূচি দ্রুতই পাইলট প্রকল্প হিসেবে পিরোজপুরে চালু করতে যাচ্ছে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসন।
 

এছাড়া জেলার নেছারাবাদ উপজেলায় ইতোমধ্যে ২ হাজার ১১২ জন কৃষক স্মার্ট কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি সুবিধার আওতায় এসেছেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের বিষয়ে স্থানীয় কৃষি ব্যাংক তথ্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে বলেও জানানো হয়।
 

পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে জেলার ভাণ্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় ১২টি খালের পুনঃখনন কাজ চলমান রয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় জেলার ৮৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রায় ১৭ হাজার গাছের চাহিদাপত্র পাঠানো হয়েছে।
 

প্রেস ব্রিফিংয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির জন্য গুজব ছড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুতই ‘গুজব প্রতিরোধ সেল’ গঠন করা হবে।
 

এ সময় যেকোনো তথ্য প্রকাশের আগে তা একাধিকবার যাচাই-বাছাই করার জন্য স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
 

অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।