প্রত্যাহার করে ঢাকায় আনা হলো পাঁচ রাষ্ট্রদূত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৭:০৩ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
প্রত্যাহার করে ঢাকায় আনা হলো পাঁচ রাষ্ট্রদূত

সরকার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ পাঁচজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
 

শনিবার (৭ মার্চ) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে ঢাকায় প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছান।
 

হুমায়ুন কবির বলেন, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনকে দলীয়করণের অভিযোগ এবং দেশের স্বার্থ যথাযথভাবে তুলে না ধরার কারণে আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

এদিকে রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও চারজন রাষ্ট্রদূতকে প্রত্যাহারের তথ্য জানানো হয়। তারা হলেন—পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে মো. নাজমুল ইসলাম।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এসব রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামকেও ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, গত মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হলো। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি ১৫তম ব্যাচের কূটনীতিক এবং এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন।