রাজশাহীর চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চারঘাট পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে সভাটির আয়োজন করা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জান্নাতুল ফেরদৌস সভার উদ্বোধন করেন। জি-প্যাডের ডেপুটি টিম লিডার ও সিনিয়র আরবান প্লানার সামাউন আল নূরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানার এস এম আব্দুল্লাহ আল মামুন, চারঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার মজিবর রহমান, চারঘাট থানার তদন্ত কর্মকর্তা ইয়াকুব আলী, স্থানীয় সাংবাদিক, পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও সুধীজন।
সভায় চারঘাট পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, ড্রেনেজ ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় নাগরিকরা পৌর এলাকার বিভিন্ন সড়কে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, রাস্তার পাশে ড্রেন নির্মাণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। পাশাপাশি নষ্ট হয়ে থাকা সোলার স্ট্রিট লাইটগুলো দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন এবং পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে হলে নাগরিকদের প্রয়োজন, সমস্যা ও প্রত্যাশাগুলো মাস্টার প্ল্যানে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। এ ক্ষেত্রে সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধার দীর্ঘমেয়াদি উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
পরে সভায় উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে পরামর্শকরণ সভার সমাপ্তি হয়।