বাবা আমার আয়না, সেই আয়নায় নিজেকে দেখি: ফাহমিদা নবী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৬:২৫ অপরাহ্ণ   |   ৪৮ বার পঠিত
বাবা আমার আয়না, সেই আয়নায় নিজেকে দেখি: ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক:



বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তার মেয়ে, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। বাবা দিবস ও বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বাবার স্মৃতি, সংগীতচর্চা এবং বর্তমান সংগীতাঙ্গনের নানা দিক নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।

 

রবিবার (২১ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, বাবা দিবস ও সংগীত দিবস একই দিনে হওয়ায় তাদের মতো সংগীত পরিবারে স্মৃতিচারণে সুর ও সংগীতই প্রধান হয়ে ওঠে। তিনি বলেন, মাহমুদুন্নবী শুধু একজন বাবা নন, তিনি এমন একজন শিল্পী যিনি মানুষের ভালোবাসায় গান হয়ে আজও বেঁচে আছেন। একজন বাবা যেমন সন্তানের আশ্রয়, তেমনি তার সেই ছায়া চিরকাল অটুট থাকে।

 

বাবার সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে ফাহমিদা নবী লিখেছেন, “আব্বা আমার আয়না। আমি আমাকে দেখি সেই আয়নায়।” তিনি জানান, তার পরিবার, ভাই-বোন, মা, সন্তান এবং মাহমুদুন্নবীর অসংখ্য শ্রোতা—সকলেই সেই আয়নার অংশ। বাবার আদর্শ ও ব্যক্তিত্ব তাকে জীবনের পথে সাহস ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মাহমুদুন্নবী শুধু একজন স্নেহময় বাবা ছিলেন না, তিনি ছিলেন বিরল প্রতিভার অধিকারী এক শিল্পী। তার মতে, এমন শিল্পী যুগে যুগে একবারই জন্ম নেন। সুরের সৌন্দর্য, বিনয়ী ব্যক্তিত্ব এবং মানুষের প্রতি ভালোবাসার কারণেই তিনি শ্রোতাদের হৃদয়ে আজও অম্লান হয়ে আছেন।

 

সংগীতের অতীত ও বর্তমান প্রসঙ্গ টেনে ফাহমিদা নবী বলেন, একসময় গান ছিল মূলত শোনার বিষয়, দেখার নয়। তার বিশ্বাস, সংগীতের প্রকৃত শক্তি শ্রবণে, আর সেই কারণেই একজন শিল্পীর মূল্য কখনো সময়ের প্রতিযোগিতায় হারিয়ে যায় না।

 

বর্তমান সংগীতাঙ্গনের অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, এখন শিল্পীর চেয়ে তারকার সংখ্যা বেশি চোখে পড়ে। একজন মাহমুদুন্নবীর মতো শিল্পী হয়ে ওঠার চর্চা কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে বাবার কণ্ঠ ও সৃষ্টির আবেদন আজও নবীন প্রজন্মের কাছে সমান উজ্জ্বল বলে উল্লেখ করেন এই শিল্পী।

 

পোস্টের শেষাংশে মাহমুদুন্নবীর প্রতি শ্রোতাদের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাহমিদা নবী। একই সঙ্গে তিনি সবার কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বলেন, পরিবারের সদস্যরা যেন তার অর্জিত সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারেন।