আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ হাজার পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুর্গত পরিবারের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক বন্যায় দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে হাজারো পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতাল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জালাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এমদাদুল হাসান, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মোক্তাদের আলম বাহার, পরিচালক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, কামরুল হাসান, জিয়া উদ্দিন নোমান, ফারুক ও হাসেম। এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিলা জাহান এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা শহিদুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় হাসপাতালের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।