সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় আহত বিএনপি নেতার মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৬ ০৫:৫২ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় আহত বিএনপি নেতার মৃত্যু

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:


 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন আরাফাত রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রনি স্থানীয় বিএনপির একজন নেতা ছিলেন।
 

নিহতের স্বজন মো. মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ফৌজদারহাটের জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চারদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
 

ইয়াছিন আরাফাত রনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ ইসলাম ওরফে ইসলাম ফকিরের ছেলে।
 

রনির মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফৌজদারহাটের জলিল গেট এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা ওই এলাকায় স্পিড ব্রেকার স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানান।
 

স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, “রনি অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী একজন মানুষ ছিলেন। ছোটবেলাতেই বাবাকে হারিয়েও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। একটি বেপরোয়া গাড়ির কারণে আজ পরিবারটি তাদের একমাত্র অবলম্বন হারাল। এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
 

সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে রনির মরদেহ স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।