লিবিয়ায় বরিশালের যুবক জিম্মি, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি মাফিয়াদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০৪:৪৫ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
লিবিয়ায় বরিশালের যুবক জিম্মি, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি মাফিয়াদের

বরিশাল প্রতিনিধি


 

 

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে গত দুই মাস ধরে চরম নির্যাতনের শিকার হচ্ছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক যুবক। পরিবারের অভিযোগ, আসাদুল বক্তিয়ার নামের ওই যুবককে অপহরণের পর ভিডিও কলের মাধ্যমে নির্যাতন দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
 

আসাদুল উপজেলার চাত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে। জীবিকার সন্ধানে তিনি ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিসায় আত্মীয়ের মাধ্যমে বৈধভাবে লিবিয়ায় যান। সেখানে আনজারা শহরে একটি দোকানে টেইলারিং কাজ করে মাসে আয় থেকে দেশে টাকা পাঠাতেন তিনি।
 

পরিবার জানায়, গত ৯ রমজান ভোররাতে ৫–৬ জনের একটি সশস্ত্র মাফিয়া দল তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর একটি গোপন আস্তানায় আটকে রেখে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করা হয় এবং নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠানো হয়।
 

ভিডিওতে দেখা যায়, তাকে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হচ্ছে এবং শারীরিক নির্যাতনের ভয়াবহ দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করে মরুভূমিতে ফেলে দেওয়ার হুমকিও দেয় অপহরণকারীরা।
 

পরিবারের দাবি, প্রথমে ধারদেনা করে ৪ লাখ টাকা জোগাড় করে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে পাঠানো হলেও, এরপরও মুক্তি মেলেনি। বরং বাকি টাকা দুই দিনের মধ্যে না দিলে তাকে খণ্ডিত করে মরুভূমিতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
 

আসাদুলের শ্যালক এরফান সরদার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে মাফিয়া চক্র তার ওপরও হুমকি দেয়। পরে নিরাপত্তার কারণে তিনি বাংলাদেশে ফিরে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন।
 

এদিকে, নির্যাতনের চাপে ভিডিও কলে কান্নাজড়িত কণ্ঠে পরিবারের কাছে জীবন বাঁচানোর আকুতি জানিয়েছেন আসাদুল।
 

তার বাবা আবু বক্তিয়ার বলেন, “ছেলেকে ঝুলিয়ে পেটাচ্ছে, শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। ৩০ লাখ টাকা চায়, আমাদের কিছুই নেই। সরকার যেন আমার ছেলেকে বাঁচায়।”
 

মা বকুল বেগম ও স্ত্রী নিপা বেগমও কান্নায় ভেঙে পড়ে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। পরিবারের দুই শিশু সন্তান বাবার অপেক্ষায় দিন কাটাচ্ছে।
 

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, বিষয়টি তিনি গণমাধ্যমে জেনেছেন। লিখিত অভিযোগ পেলে দ্রুত তা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।