নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিকে আগুন ও সন্ত্রাসের রাজনীতি আখ্যায়িত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি বলেছেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও কিছু আগাছা রেখে গেছেন। তারা মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলেও তাদের কঠোরভাবে দমন করা হবে। পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচারের পক্ষে আর ক্ষমতায় ফিরে আসা সম্ভব নয়। শেখ হাসিনাও আর ফিরে আসবেন না।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ আয়োজিত পরিচিতি সভা ও ‘মাদকমুক্ত দেশ গড়ো, যুবসমাজকে রক্ষা করো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদিন বলেন, দেশে মাদক নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য পেতে হলে প্রথমেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান পরিচালনা করা জরুরি। কারণ, বাহিনীর কিছু অসাধু সদস্য নিজেরাই মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন এবং মাদক সেবনেও জড়িয়ে পড়ছেন। এ ধরনের সদস্যদের দিয়ে কখনো মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ সমস্যাগুলো চিহ্নিত করে জড়িত সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদক পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও কঠোর পদক্ষেপের মাধ্যমে এর বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ জন্য দেশে মাদক প্রবেশের সীমান্তপথ ও রুটগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মাদক প্রবেশের বিভিন্ন পথের কথা উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজারের সমুদ্রপথ, মিয়ানমার সীমান্ত, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাটের বুড়িমারী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ দেশের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক প্রবেশ করছে। এসব পথ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে হবে।
মাদক নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের একটি সভায় দেশে মাদকের বিস্তার ও তা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সভায় মাদক প্রবেশের পথগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করার তাগিদ দিয়েছে।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক পরিবেশ পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর পরিকল্পনায় মাদক নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক অঙ্গন পুনর্গঠনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
অনুষ্ঠানে মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেজর (অব.) মিজানুর রহমান এবং সিনিয়র সহসভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী।
কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আনিছুল আউয়াল, অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক রাষ্ট্রদূত মউসদ মান্নান, ব্রিগেডিয়ার (অব.) ডা. বাশিরুল ইসলাম, কর্নেল (অব.) জগলুল হাসান, অধ্যাপক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, অধ্যাপক ডা. জাহানারা লাইজু, মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম, মো. আব্দুল আজিজ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিক, খায়রুন নাহার খানম, তামান্না ফারুক থিমা, নাহরিন আসগার রিনি, এম এন জামান ও মো. ফখরুল হোসেন।
কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইসমাঈল হোসেন সিরাজী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহিম শীলা।