পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২ অক্টোবর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ   |   ৪৭ বার পঠিত
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২ অক্টোবর

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:


 

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ১৭ ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হবে।
 

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে ভাটিখাইন ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দল ও হাইদগাঁও শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল একাদশ।
 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
 

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করতে গতকাল বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা সভাপতি হাজী কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 


 

সভায় বক্তব্য রাখেন সহসভাপতি জাকির হোসেন মেম্বার, আবদুর রহমান হিলু, ওয়াহিদুল আলম খোকন, নুর হোসেন খান, হামিদুল হক, আবদুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহদাত, মো. হোসেন, মো. রাসেল, নাজিম উদ্দিন, আবু তালেব মেম্বার ও আবু বক্কর চৌধুরীসহ অনেকে।
 

সভায় সভাপতি হাজী কামাল উদ্দিন বলেন, দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল পর্যন্ত এসেছে। এ আয়োজনে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
 

সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট জিয়া পরিবারের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করেছে। আগামী দিনেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সুশৃঙ্খলভাবে ফাইনাল ম্যাচ সম্পন্ন করার জন্য সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।
 

সভা শেষে আয়োজকরা খেলার মাঠ পরিদর্শন করেন এবং ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।