সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ   |   ৩০ বার পঠিত
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।

এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় বগুড়া পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। একই সঙ্গে ১২টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয় পৌরসভা। তখন থেকেই ভবিষ্যতে এটিকে সিটি করপোরেশনে রূপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়িত হয়নি।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের কাছেও একাধিকবার এই দাবি জানানো হলেও সেটি আলোর মুখ দেখেনি। এরপর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা সিটি করপোরেশন করার প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের ভিত্তিতে গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয়দের মতামত সংগ্রহ এবং আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।

গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বগুড়ায় এসে পৌরসভার কার্যক্রম পরিদর্শন করে জানিয়েছিলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। তবে নির্ধারিত সময়ে তা হয়নি।

সর্বশেষ, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদের স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণসহ মোট আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য প্রাক-নিকার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।