সিলেট প্রতিনিধি:
সিলেটে অভিযান চালিয়ে জাল টাকার চার কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকা থেকে এবং বাকি তিনজনকে মহানগরের বন্দরবাজার এলাকার হোটেল আলী (আবাসিক) থেকে আটক করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে র্যাব-৯ এর নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আলী (আবাসিক)-এর একটি কক্ষে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গুরু চাঁদ বালা, শফিকুল ইসলাম, মো. রাশেদ মিয়া এবং মো. সোহাগ সরদার।
র্যাব জানায়, তাদের কাছ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে টার্গেট করে কম দামের পণ্য কেনার অজুহাতে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ব্যবহার করত। পরে দোকানিদের কাছ থেকে ভাঙতি হিসেবে আসল টাকা নিয়ে প্রতারণা করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
র্যাব আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে জাল নোট ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। বিশেষ করে উৎসবের সময় ও ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।