ঢাকা প্রেস প্রতিবেদক:
বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, দুর্গত এলাকার প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা পাঁচটি হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।