দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
মাঠজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের রোমাঞ্চ আর শেষ মুহূর্তের সমতাসূচক গোলে জমে ওঠে পটিয়া প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মরহুম সাংবাদিক জালাল-হারুন স্মৃতি ফুটবল দল ও মরহুম সাংবাদিক তালেব-ইসলাম স্মৃতি ফুটবল দল।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া স্পোর্টস অ্যারেনায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনা। প্রথমার্ধে মরহুম সাংবাদিক তালেব-ইসলাম স্মৃতি ফুটবল দলের হয়ে ইরফানের গোলে এগিয়ে যায় দলটি। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের গতি বাড়ায় মরহুম সাংবাদিক জালাল-হারুন স্মৃতি ফুটবল দল। অন্যদিকে নিজেদের লিড ধরে রাখতে রক্ষণভাগ শক্তিশালী করে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে তালেব-ইসলাম স্মৃতি দল। খেলার শেষ মুহূর্তে আলভীর করা গোলে সমতায় ফেরে জালাল-হারুন স্মৃতি ফুটবল দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচটি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলহাজ খোরশেদ আলম।
পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্সের প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আইয়ুব নবী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন রশীদ চৌধুরী, জনপ্রতিনিধি বখতেয়ার উদ্দিন বকুল এবং বিএনপি নেতা মো. সেলিমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, সাংবাদিকদের এ ধরনের ব্যতিক্রমী আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পেশাগত ব্যস্ততার বাইরে এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধক বদরুল খায়ের চৌধুরী বলেন, পটিয়ার সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের সব অজানা তথ্য উঠে আসুক, সেটাই প্রত্যাশা। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ প্রতিফলন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। আয়োজকেরা জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং প্রয়াত সাংবাদিকদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত পটিয়া প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু তালেব, সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকী ও মুহাম্মদ নুরুল ইসলামসহ দেশের প্রয়াত সব সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
খেলাকে ঘিরে সাংবাদিক, অতিথি ও দর্শকদের উপস্থিতিতে স্পোর্টস অ্যারেনায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতার লড়াই, আর মাঠের বাইরে ফুটে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের অনন্য বন্ধন।