পলাশবাড়ীর সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর ইন্তেকাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০৩:২৯ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
পলাশবাড়ীর সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর ইন্তেকাল

গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধার পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী (৯০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুম মাওলানা গোলাম রব্বানী দীর্ঘদিন পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ইমাম, আলেম, হাফেজ ও শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ্বীনি শিক্ষা বিস্তার ও ইসলামী মূল্যবোধ প্রচারে সক্রিয় ছিলেন।

তিনি পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মৃত শামস উদ্দীনের পুত্র। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়ি বড় গোপালপুরে অনুষ্ঠিত হবে।

এদিকে তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম (লেবু) এমপি, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।