"নিরাপদ নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-২, নাটোরের উদ্যোগে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক।
সভায় বক্তারা যুবসমাজের মধ্যে মাদকাসক্তি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। এসব অপরাধ ও সামাজিক সমস্যা প্রতিরোধে র্যাবের কার্যক্রম তুলে ধরে বক্তারা অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।