নোয়াখালীতে ট্রাকচাপায় মাদরাসা সুপারের মৃত্যু, আহত স্ত্রী-সন্তান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ   |   ২৬ বার পঠিত
নোয়াখালীতে ট্রাকচাপায় মাদরাসা সুপারের মৃত্যু, আহত স্ত্রী-সন্তান

জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ

 

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির ট্রাকের চাপায় এক মাদরাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।
 

সোমবার দুপুরে সোনাপুর-ফেনী মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার সুপার ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করতেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্ত্রী তামান্না রহমান (৪৫) এবং দুই মেয়েকে নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন বেলাল হোসাইন। এ সময় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল হোসাইনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও সন্তানদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা পথচারী ছিলেন। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।