রাজধানীর বিজয় সরণি মোড় এলাকার কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে বাজারটির দুইতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানায়, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।