কৃষক কার্ড পাওয়া ভাইরাল কবির হোসেনের ছবিগুলো এআই নির্মিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ   |   ৩৫ বার পঠিত
কৃষক কার্ড পাওয়া ভাইরাল কবির হোসেনের ছবিগুলো এআই নির্মিত

কৃষক কার্ড বিতরণ কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কবির হোসেনের একাধিক ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি উঠেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে কবির হোসেন নামে এক কৃষক আবেগঘন বক্তব্য দেন, যা পরে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে পরবর্তীতে তার বিভিন্ন ছবি নিয়ে বিভ্রান্তি ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, তিনি কৃষক নন এবং অনুষ্ঠানে তাকে কৃষক সাজিয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে।

এ বিষয়ে ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ছবিগুলো এআই প্রযুক্তিতে তৈরি এবং তা কবির হোসেন নিজেই তৈরি করে পোস্ট করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তাজমহল, কাবা শরিফ, সমুদ্র ভ্রমণসহ বিভিন্ন দৃশ্যের সঙ্গে তার এআই-নির্মিত ছবি তিনি আগে থেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করে আসছিলেন, যা থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়।