১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ মার্চ ২০২৬ ০৪:১৪ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

১৩ দিনের বিরতির পর আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মূলতবি বৈঠক। রোববার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই বৈঠক শুরু হয়।

 

গত ১২ মার্চ প্রথম অধিবেশন শুরু হলেও পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ বৈঠক মূলতবি করা হয়। অধিবেশনে এবার আলোচনার মূল বিষয় রাষ্ট্রপতির ভাষণ।

 

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন। এছাড়াও মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হবে।

 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

 

সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা হয় এবং আলোচনার শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। এবারও সেই প্রথা অনুসরণ করা হচ্ছে।