ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ নতুন সরকারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে এ তথ্য জানা যায়।
এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
এবারের নির্বাচনে মোট ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট পায় ৭৭টি আসন, যার মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি এবং শরিক দলগুলো ৯টি আসনে জয়ী হয়।
সংবিধান অনুযায়ী ৩০০ আসনের জাতীয় সংসদে ১৫১টি আসনে বিজয়ী হলেই সরকার গঠন করা যায়। সেই হিসাবে নিরঙ্কুশ জয় পাওয়ায় নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবেই নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চলছে এবং প্রাথমিকভাবে শিক্ষা খাতের দায়িত্ব পেতে যাচ্ছেন ববি হাজ্জাজ।
দলের নেতাকর্মীরা বলছেন, তরুণ ও নীতি-সংস্কারমুখী নেতৃত্বকে সামনে এনে শিক্ষা খাতে সংস্কার, দক্ষতা উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিতে পারে নতুন সরকার। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তি প্রশাসনিক গতি বাড়াতে ভূমিকা রাখবে।